আল আমিন বিশেষ প্রতিনিধি
শেরপুরে খোলা ড্রামে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল বিক্রি বন্ধে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৭ মার্চ ২০২৬) শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে খোলা ড্রামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় তিনটি দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দোকানিদের খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রি বন্ধ করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয় এবং উপস্থিত ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, শ্রীবরদী উপজেলাতেও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে খুচরা জ্বালানি তেল বিক্রির কয়েকটি দোকানে তদারকি করা হয়। এ সময় একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে শেরপুর জেলায় এ ধরনের তদারকি ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

