আল-আমিন, বিশেষ প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পেট্রোলিয়ামজাত তেল বিক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) ঝিনাইগাতী উপজেলার ভারুয়া ও বনগাঁও বাজারে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের লাইসেন্সের শর্তাবলি প্রতিপালন না করা, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করা, পাকা রশিদ না রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুইটি দোকানকে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
অভিযানকালে সংশ্লিষ্ট বিক্রেতাদের হালনাগাদ লাইসেন্স সংরক্ষণ, বিক্রয় রেজিস্টার রাখা, ক্রেতাদের পাকা রশিদ প্রদান এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পেট্রোলিয়ামজাত তেলের কোনো ধরনের অবৈধ মজুদ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

