রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
২৬ মার্চ সকাল ৯টায় ক্ষিরতলা সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যথাযোগ্য মর্যাদায় প্রভাত ফেরি বের করেন। এরপর বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিশেষ চিত্রাঙ্কণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমে শিক্ষার্থীদের উজ্জীবিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় বিদ্যালয়ের কিশোর-কিশোরীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, “শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে এই গঠনমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষকদের এমন আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

