খন্দকার শহীদুল ইসলাম,সুনামগঞ্জ প্রতিনিধি :
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অভিযান চালিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলা ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, বাগানবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
২৮ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তর করা হয়েছে।

