এস এ হাসিব
ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গভীর রাতে সংঘটিত হয়েছে বড় ধরনের গরু চুরির ঘটনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সাবেক ইউপি সদস্য মো: সুরুজ্জামানের গোয়ালঘর থেকে ১০টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
চুরি যাওয়া গরুগুলোর মধ্যে রয়েছে দেশি ক্রস জাতের ১টি ষাঁড়, উচ্চ দুধ উৎপাদনক্ষম ৭টি গাভী এবং ২টি বাছুর। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ থেকে ২০ লাখ টাকা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাওগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হোসেন (মোজা) এর বড় ভাই মো: সুরুজ্জামানের গোয়ালঘর লক্ষ্য করে সংঘবদ্ধ একটি চোরচক্র গভীর রাতে এই ঘটনা ঘটায়। চোরেরা গরুগুলো কাভার্ডভ্যানে তুলে নেওয়ার সময় স্থানীয়রা টের পেলেও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খামারি ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

