নিজস্ব প্রতিনিধি মোঃ তপছিলঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরনিলক্ষী এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চরনিলক্ষী গ্রামের শাহজাহান প্রধানের চা-নাস্তার দোকানের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন থেকে চার দিন ধরে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। চলাফেরা ও বাহ্যিক অবয়বে তিনি ভিক্ষুক প্রকৃতির বলে ধারণা করা হলেও স্থানীয়দের দেওয়া খাবার গ্রহণ করতেন না। নাম-পরিচয় জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে সক্ষম হননি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক জানান, “মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

