মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা জোনের উদ্যোগে নির্বাচনী মহড়া–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২টা (১৪০০ ঘটিকা) সময় রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মহড়াটি পরিদর্শন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় তিনি মহড়ার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মহড়ায় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি; দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি এবং মেজর মোঃ তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি।
নির্বাচনী পরিবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি যাচাই করাই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণে মহড়াটি সফলভাবে সম্পন্ন হয়।

