ওসমান গনি সরকার, মুরাদনগর(কুমিল্লা) উপজেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ ইউসুফ সোহেলকে পরাজিত করে তিনি ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ পূর্ণ করলেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহা. রেজা হাসান স্বাক্ষরিত বেসরকারি ফলাফল বিবরণী থেকে এই তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার ১৫৯টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) মোট ৫ লাখ ৭২৬ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৬৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৯ হাজার ১৬৮টি ভোট। সব মিলিয়ে ভোট প্রদানের হার ছিল প্রায় ৫৭ শতাংশ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য ৭ জন প্রার্থীর সবাই তাদের জামানত হারিয়েছেন। তাদের প্রাপ্ত ভোট হলো: মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (হাত পাখা) ৩৫৯৩ ভোট, মোঃ খোরশেদ আলম (ডাব) ৭১৭ ভোট, মোঃ মনিরুজ্জামান (ট্রাক) ৬৩৩ ভোট, চৌধুরী রকিবুল হক শিপন (প্রজাপ্রতি) ২৪৪ ভোট, শরীফ উদ্দিন সরকার (আপেল) ১৮০ ভোট, রিয়াজ মোঃ শরিফ রায়হান (সিংহ) ১৫২ ভোট এবং পীরজাদা মাওঃ এমদাদুল হক (হাতি) ১১১ ভোট।
২০০৯ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান পদে থাকা এই বর্ষীয়ান নেতা এই জয়ের মাধ্যমে তিনি ষষ্ঠবারের মতো এমপি হয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ পূর্ণ করলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর এই বিপুল বিজয়ে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং রাজনৈতিক মহলে তাকে নিয়ে মন্ত্রিসভায় বড় পদের গুঞ্জন শোনা যাচ্ছে।
উল্লেখ্য, দাদা ভাই হিসেবে পরিচিত এই মাজলুম বর্ষীয়ান নেতা তরুণ বয়সে ১৯৮৬ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে পরাজিত হলেও ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন দেশের বাহিরে থাকলেও এবারের নির্বাচনে তার বিপুল বিজয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

