নিজস্ব প্রতিনিধি মোঃ তপছিল হাছান:
আসন্ন মতলব পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি ও ওয়ার্ড যুবদলের সহ-সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক ৭নং ওয়ার্ড ছাত্রদল মোঃ রাসেল হোসেন (জয়) কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
প্রার্থিতার ঘোষণা ছড়িয়ে পড়ার পর থেকেই ওয়ার্ডজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন তিনি। সমর্থক ও সাধারণ ভোটারদের একাংশের ভাষ্য— তরুণ নেতৃত্বের এই আবির্ভাব ৭নং ওয়ার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
প্রার্থিতার ঘোষণা দিয়ে রাসেল হোসেন (জয়) বলেন,
❝আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। সড়ক-ঘাট, বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনসহ মৌলিক নাগরিক সেবার মানোন্নয়নই হবে আমার অগ্রাধিকার।❞
তিনি আরও বলেন,
❝আপনাদের একটি ভোট ও দোয়া আমাকে এলাকার সেবক হওয়ার সুযোগ করে দিতে পারে। ইনশাআল্লাহ, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।❞
তফসিল ঘোষণার অপেক্ষায় ইতোমধ্যে তার সমর্থকরা গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব ও সংগঠনিক সক্রিয়তার সমন্বয়ে ৭নং ওয়ার্ডে এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বেশ জমজমাট ও তাৎপর্যপূর্ণ।
স্থানীয় ভোটারদের একাংশের প্রত্যাশা— নির্বাচনের মাধ্যমে ৭নং ওয়ার্ডে উন্নয়ন ও সুশাসনের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

