মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাটহাজারী কাঁচাবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ সন্ধায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে গাফিলতির অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি এবং পণ্যের মূল্য তালিকা, ক্রয় রশিদ ও মজুদ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পর্যায়ক্রমে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি সকল ব্যবসায়ীকে স্পষ্টভাবে মূল্য তালিকা টানানোর এবং ক্রয়মূল্যের সকল কাগজপত্র ও রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, “কোনো ব্যবসায়ী অবৈধভাবে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অতিরিক্ত মূল্যে বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে জানিয়েছে, বাজারে কোথাও অনিয়ম, অবৈধ মজুদ বা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে।
রমজানকে কেন্দ্র করে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

