স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী আদ্রা ইউনিয়নের সুনামধন্য সামাজিক সংগঠন ‘শেষবেলা’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও দাতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ২৫ মার্চ (বুধবার) সকাল ১০টায় ‘শেষবেলা’ সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে এবং সিরাজুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের অফিস ও পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল আলম বেপারীসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান ভূঁইয়া বলেন, সমাজে কাজ করতে গেলে অনেক সময় অজান্তেই কিছু মানুষের বিরূপ মনোভাবের সম্মুখীন হতে হয়। কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কেউ কেউ বিরোধিতা ও সমালোচনা করে। অথচ বাস্তবতা হলো, যখন তারা কোনো সমস্যায় পড়ে, তখন সবার আগে সাহায্যের জন্য আমাদের কাছেই আসে। এই অভিজ্ঞতা থেকেই সমাজের জন্য ইতিবাচক কিছু করার দৃঢ় প্রত্যয় তৈরি হয়।
তিনি আরও বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে মোর্শেদ ভাই, ডাক্তার ফুয়াদ বিন বাশার, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার পারভেজ এবং বন্ধু নাহিদ হাসান বাপ্পিসহ আমরা ঢাকায় একাধিক সভার মাধ্যমে ২০১৬ সালে একটি সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। পরবর্তীতে একই বছরের ২৬ ডিসেম্বর একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে আমাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আলহামদুলিল্লাহ, গত প্রায় ১০ বছরে আমরা সমাজের বিভিন্ন স্তরে কাজ করে আসছি।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের প্রথম কাজ পড়াশোনা করা। নিজেদের আলোকিত করার পাশাপাশি সমাজকেও আলোকিত করতে হবে। তোমাদের যেকোনো সমস্যায় আমাদের জানাবে, আমরা সহযোগিতা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষে ‘শেষবেলা’ সংগঠনের সহকারী অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (রকি) জাপানে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া এটিএন বাংলায় ২০২৬ সালের ‘সুর প্রতিভার সন্ধানে’ হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ রাব্বি হাসান রাফিকেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পাশাপাশি এলাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

