মোঃ মোকলেছুর রহমান বাবু নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ঘাটের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারের সরকারি বাসভবনটি বহু বছর ধরে পরিত্যক্ত ও চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভবনটির বয়স অনেক পুরনো। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে অবস্থিত ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, ভবনটির ছাদ, দেয়াল ও বিভিন্ন কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। চারদিকে আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে ভবনটি। এতে সাপ, বিষাক্ত পোকামাকড়সহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল তৈরি হয়েছে। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা বা কৌতূহলবশত ভবনের আশপাশে ও ভেতরে প্রবেশ করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনটিতে মাঝে-মধ্যেই অসামাজিক কর্মকাণ্ড এবং নেশাগ্রস্ত ব্যক্তিদের আনাগোনা ও আড্ডা বসে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান বলেন, “ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
এলাকাবাসী জানান, পরিত্যক্ত ভবনটি অপসারণ করা হলে বিদ্যালয়ের খেলার মাঠের পরিধি বৃদ্ধি পাবে। বর্তমানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা নেই। ভবনটি ভেঙে সেখানে বিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামো বা খেলার মাঠ সম্প্রসারণ করা সম্ভব হবে।
স্থানীয়দের মতে, ভবনটি কৃষি বিভাগের অধীন হওয়ায় বিষয়টি প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে সমাধান হচ্ছে না। তাই কৃষি বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ এই পুরোনো স্থাপনাটি অপসারণের উদ্যোগ নেওয়া জরুরি।
এলাকাবাসীর দাবি, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই বহু বছরের পুরোনো ও পরিত্যক্ত এই ব্লক সুপারভাইজারের সরকারি বাসভবনটি ভেঙে ফেলে বিদ্যালয় প্রাঙ্গণকে নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তোলা হোক।

