এ, টি, এম, হুমায়ুন কাদির,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ২নং ওয়ার্ড ভূঁইয়া পাড়া গ্রামে পৌর কবরস্থান এরিয়ার, রাস্তার দুই পার্শ্বে সারিবদ্ধ ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে কবরস্থানের রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ ফয়জুর রহমান।
এ সময় তিনি নির্মাণকাজের ফলক উন্মোচন করেন এবং কবরস্থানের রাস্তায় নারিকেল, তাল ও খেজুরের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী শাহানুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, সহকারী প্রকৌশলী সারোয়ার আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজা। জমিদাতাদের পক্ষ থেকে আবুল কাশেম ও অধ্যাপক মাসুদুল হক বক্তব্য রাখেন। এ ছাড়া পৌর কর্মকর্তাদের মধ্যে মাহবুবুর রহমান, শাহাবুদ্দিন, শাহজাহান কবির, সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক, কর্মকর্তা, কর্মচারী ও জমিদাতাদের আন্তরিক সহযোগিতায় ৫৮ শতাংশ জমির ওপর স্থাপিত হচ্ছে এই উন্মুক্ত পৌর কেন্দ্রীয় কবরস্থান। জমিদাতাদের মধ্যে রয়েছেন—
১. মোঃ আতিক উল্লাহ (পিতা: মরহুম মোয়াজ্জেম হোসেন)২. নাহেল মুস্তারী (পিতা: মরহুম মোয়াজ্জেম হোসেন)৩. মোছাঃ হাছিনা বেগম (পিতা: মরহুম রুকনুজ্জামান)৪. তানিয়া তারাঘুম (পিতা: মরহুম আব্দুল্লাহ)৫. মোহাম্মদ মোবারক হোসেন (পিতা: নাছির উদ্দিন আহম্মেদ)৬. রুবাইয়া রহমান (পিতা: মোহাম্মদ মোবারক হোসেন)
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জমিদাতাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই কবরস্থান সমগ্র নান্দাইলবাসীর জন্য উন্মুক্ত থাকবে।” আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জনাব মোঃ ফয়জুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যোগদানের আদেশ পেয়েছেন। এ সপ্তাহেই তিনি নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের দায়িত্ব থেকে বিদায় নেবেন। স্থানীয়দের মতে, দায়িত্ব পালনকালে ফয়জুর রহমান কর্মদক্ষতা, সততা ও সাহসিকতার মাধ্যমে অল্প সময়েই নান্দাইলবাসীর আস্থা অর্জন করেছেন। তাঁর নিষ্ঠা ও কর্মপ্রেম ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শেষে দেশ, জাতি, এলাকার উন্নতি এবং মৃত মুসলমানদের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের আয়োজকরা কবরস্থানের সার্বিক রক্ষণাবেক্ষণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

