রনি,স্টাফ রিপোর্টারঃ
বাংলা টিভি, সাপ্তাহিক চরকার সাংবাদিক ও ব্লগার শারমিন নাহার মিতুকে হত্যার উদ্দেশ্যে তার বসত বাড়ি, অফিসে হামলা এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন-সারা বাংলাদেশে সাংবাদিককের উপর যে নির্যাতন করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সংবাদ সংগ্রহ ও প্রকাশিত হওয়ার পর, সংবাদ কর্মীরা যদি হামলা, নির্যাতন ও হত্যার শিকার হয়, তবে এই পেশায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন কাজ করবো। এ বিষয়ে একটি সুষ্ঠু এবং স্থায়ী সমাধান সরকারের পক্ষ থেকে নিতে হবে। বক্তারা আরও বলেন-বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যদি জীবনের ঝুঁকি আসে, তবে এ মহৎ পেশা দিনদিন বিলিন হয়ে যাবে। আমাদের সহকর্মী এক বোন শারমিন নাহার মিতুকে গত ১৫ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বসত বাড়ি ময়মনসিংহ নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়ে হুমকিসহ বসতবাড়ি ও অফিসে হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এই জঘন্যতম অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে ভুক্তভোগী শারমিন নাহারের বড় ভাই সফিয়েল আলম সুমন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় গত ১৭ আগষ্ঠ একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ খনন কাজে লুটপাট ও দুর্নীতির মহোৎসব (পর্ব ১) নদীকে খাল বানাতে ব্যয় ২৭৬৩ কোটি টাকা শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন করে পত্রিকার তৎকালীন প্রধান উপদেষ্টা সম্পাদক এবং ব্লগার ও সিনিয়র সাংবাদিক শারমিন নাহার নিপা। প্রতিবেদন প্রকাশের পর থেকেই শারমিন আক্তারকে গোপন ও প্রকাশ্যে হুমকি দিতে থাকে দুর্বৃত্তরা। ভুক্তভোগী শারমিন নাহারের বড় ভাই সফিয়েল আলম সুমন বলেন- ছোট বোন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় দুর্বৃত্তরা এমন জঘন্যতম কাজ করেছে। আমরা নিরুপায় হয়ে আমাদের পরিবারের সদস্যদের কোন বড় ধরনের ক্ষতি না হয়, এজন্য থানায় অভিযোগ করেছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। এসময় বক্তব্য রাখেন-সাপ্তাহিক চরকা পত্রিকার সম্পাদক সফিয়েল আলম সুমন, সাপ্তাহ আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দ্যি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ব্যুরো প্রধান, সাপ্তাহিক লৌহিত পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক হাফিজ উদ্দিন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার সভাপতি সাংবাদিক শেখ আলী হোসেন রনি, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আকন্দ। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন-চাঁন মিয়া ও ইমতিয়াজ আহমেদ চাঁন শেখাসহ প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কমিটির সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ জামদানী হোসেন বাপ্পী, যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার ইসলাম মামুন, আইন বিষয়ক সম্পাদক এড. আনিসুজ্জামান মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

