সজিব আহমেদ,ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ভালুকায় মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ওসি হুমায়ুন কবিরের দিক নির্দেশনায় গত ২২ সেপ্টেম্বর রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে এসআই মোঃ সুলতান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল জামিরদিয়া রাস্তার ওপর অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৩৪), পিতা-মৃত ওসমান মুন্সী, সাং-জামিরদিয়া, ভালুকা-কে হাতে-নাতে আটক করা হয়। তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।
অপর একটি অভিযানে, একই রাতে রাত ১০টা ১৫ মিনিটে এসআই মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ জামিরদিয়া নাসিরগ্লাস এলাকার সামনে থেকে মোঃ সাদ্দাম হোসেন (২৯), পিতা-তরিকুল ইসলাম, স্থায়ী ঠিকানা-আকুলখোলা, মোহনগঞ্জ, নেত্রকোনা; বর্তমান ঠিকানা-তুরমুজপাড়া, শ্রীপুর, গাজীপুর-কে আটক করে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পৃথক দুটি মামলা (নং-৩৩ ও নং-৩৪, তারিখ ২৩/০৯/২০২৫ ইং) দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করেছেন, যার ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তিনি জনমনে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

