তজুমদ্দিন প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিসেফ সহযোগিতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে ২১ অক্টোবর (মঙ্গলবার) তজুমদ্দিন প্রেসক্লাবে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
কনসালটেশন ওয়ার্কশপে (ভিডিও কনফারেন্সে) প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মুমেন।
এসময় তিনি বলেন, “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ বিষয়ে গুজব প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের প্রচার-প্রচারণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
টাইফয়েড টিকাদান বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় গণযোগাযোগ অধিদপ্তরসহ সকল সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত পদক্ষেপ জরুরি। ”
কনসালটেশন ওয়ার্কশপের সভাপতিত্ব করেন ভোলা জেলা তথ্য অফিসার শাহ্ আব্দুর রহিম নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম,ডালিয়া ইয়াসমিন পরিচালক (প্রচার ও সমম্বয়)অধিদপ্তর ঢাকা, ভোলা ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক এম মাকসুদুর রহমান , তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, প্রেসক্লাবের আহবায়ক সাইদুল হক মুরাদ,তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন রিপোর্টাস ইউনিটি সভাপতি রফিক সাদী, সহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
টাইফয়েড টিকাদান বিষয়ক বিস্তারিত তথ্য উপস্থাপন করে জেলা সিভিল সার্জন মনিরুল ইসলাম জানান ক্যাম্পেইনের আওতায় ভোলা জেলায় সাতটি উপজেলার ২৬০০ শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৬ লাখ ৭৮ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়। ভোলায় (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তীতে (১-১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে নিয়মিত ও স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

