ইমরান সোহেল, চট্টগ্রাম :
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে ফ্যাক্টরি এলাকা। ফ্যাক্টরিতে আগুন লেগেছে-এমন আশঙ্কায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকসহ আশপাশের মানুষের মধ্যে। পরে জানা যায়, আগুন লেগেছে পাশের বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয় পৌঁনে এক ঘণ্টার চেষ্টায়।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মহানগরের অক্সিজেন এলাকার চক্রশো কানন আবাসিকের পিছনের একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারদিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকায় কেডিএস ফ্যাক্টরি এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা সাব্বির বলেন, কেডিএস ফ্যাক্টরির পেছনের একটি বস্তিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা সবাই কেডিএসে আগুন লেগেছে ভেবে নেভাতে ছুটে যাই। কারণ সেখানে আগুন লাগলে পুরো এলাকায় ভয়াবহ ক্ষতি হতো। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পাই। অক্সিজেন এলাকার একটি বস্তিতে আগুন লাগে। আমাদের পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। কেউ আহত হয়নি। কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

