নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারসিমলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মধ্যে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও পরিবার প্রতি ৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।১০ডিসেম্বর বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবার রফিকুল ইসলাম ও অকিমুদ্দীনের হাতে এসব অনুদানের চেক ও ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,নুরুল্ল্যাবাদ ইউপি চেয়ারম্যান জায়দুর রহমান মাস্টার এবং উপজেলা পরিষদের সিএ আল এমরান (মাসুদ) প্রমুখ।গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম ও অকিমুদ্দীনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

