মোহাম্মদ জাকির শাহ
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট এবং প্রাণনাশ ও গুমের হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নুরালাম হোসেন রনি (পিতা: রুহুল আমিন, মাতা: সোলাইমা বেগম) কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, অভিযুক্তরা তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হবে এবং রুমকি ও গুম করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, মাহফুজ, হালিম, দেলোয়ার, ইউসুপ ও আলমগীরসহ কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পাশাপাশি বাড়ির আঙিনায় থাকা ফলমূলের গাছপালাও কেটে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী নুরালাম হোসেন রনি জানান, ঘটনার পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মিডিয়া কর্মীরা একাধিকবার তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। তবে বারবার চেষ্টা করেও অভিযুক্ত মাহফুজ, হালিম, দেলোয়ার, ইউসুপ ও আলমগীরের কারও সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা বক্তব্য দিতে চাইলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

