জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করার পর ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনার নেতৃত্বে নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, তালুকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করে জনসম্মুখে তা পিটিয়ে ও ভেঙে অকেজো করে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা বলেন- “যারা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এটি পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

