মোঃ জহিরুল ইসলাম
তারাকান্দা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৭ নম্বর গ্রামপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও মিলন বাট্টা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বাট্টা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাৎক্ষণিকভাবে তারাকান্দা থানা চত্বরে জড়ো হয়ে শিক্ষককে মুক্ত করার দাবিতে আন্দোলনে নামেন।
শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের শিক্ষককে নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় থানা এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ সতর্ক অবস্থান গ্রহণ করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তবে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গ্রেপ্তারকৃত শিক্ষক মুজিবুর রহমানকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করে তারাকান্দা থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারটি সম্পূর্ণ আইন অনুযায়ী করা হয়েছে এবং আদালতের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হবে।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেকে আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

