সাইফুল আলম হিরন জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ব্যবসায় বিনিয়োগ করি মানুষের কর্মসংস্থানের জন্য। ব্যবসায় বিনিয়োগ শুধু মুনাফার জন্য নয়, এটা সেবাও বটে। আমি ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। ব্যাংক থেকে ঋণ নিয়েছি। পরিশোধ করেছি। কখনও এক টাকা ঋণের টাকা মওকুফ চাইনি। আমাকে ঋণ খেলাপী বা ব্যাংক থেকে ঋণ মাফ নিয়েছি এটার প্রমাণ কেউ দিতে পারবেনা।
সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমার বিরুদ্ধে এপস্টেইন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, অথচ সেখানে যাওযার আমার কোন সামর্থ্যই নাই। সেখানে বিল গেটস, ক্লিনটন ও বিশ্বের ধনীদের নাম এসেছে। তারা এখন আমার নামে অপপ্রচার করছে।
সোনাগাজীতে গ্যাস সংযোগ, উচ্চ শিক্ষার ব্যবস্থা, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুলে আন্ডার পাস, অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান, রাস্তা-ঘাট উন্নয়ন সহ জনগণ থেকে সংগৃহিত সকল সমস্যা সমাধানে তিনি কার্যকর পদক্ষেপ নিবেন। মানুষের চাওয়া-পাওয়া নিয়ে দুই উপজেলায় দুটি অফিস খোলা থাকবে। উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলায় কোন বৈষম্য থাকবেনা।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা ও প্রার্থীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সলিম উল্যাহ মেজবাহ প্রমূখ সহ সোনাগাজীতে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

