বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরিনাপাল ইকোপার্কে বর্তমান সময়ের নানা জাতীয় ইস্যু ও গণমাধ্যমের ভূমিকাকে কেন্দ্র করে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন এক সময়ের তুখোড় ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক ঢাকা কেন্দ্রীয় সভাপতি ও শিক্ষাবিদ শরিফুজামান শরিফ তালুকদার এবং মাসিক ডিজিটাল তারিফ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আঃ হান্নান।
উভয়েই জন্মসূত্রে বাগেরহাট জেলার মোরেলগঞ্জের বাসিন্দা। নিজ এলাকার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হরিনাপাল ইকোপার্কে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনায় সমসাময়িক রাজনীতি, শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ, তরুণ প্রজন্মের ভূমিকা এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে মতবিনিময় হয়।
শিক্ষাবিদ শরিফুজামান শরিফ তালুকদার বলেন, গণতান্ত্রিক চর্চা ও প্রগতিশীল চিন্তার বিকাশে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি তরুণদের গঠনমূলক রাজনীতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক মোঃ আঃ হান্নান বলেন, বর্তমান সময়ের আলোচিত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সমাজে সচেতনতা তৈরিতে সহায়ক হতে পারে। তিনি স্থানীয় উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনায় হরিনাপাল ইকোপার্কের পরিবেশ সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা নিয়েও কথা হয়। স্থানীয়দের মতে, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিজ জেলার কৃতী ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।

