মোঃ তৈয়ব, কক্সবাজার:
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে এক কিশোরসহ দুজনকে উদ্ধার পূর্বক আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মো. ইব্রাহিম (১৫), বাড়ি বগুড়ার আদমদিঘী এলাকায়, স্থানীয়ভাবে শীতল পাটি বিক্রির কাজ করত। তিনি কালাম সরদার (৩৩) নামের এক ব্যক্তির অধীনে পাটি বিক্রি করত।
অভিযোগ রয়েছে, পাটি বিক্রির টাকা খরচ করে ফেলার পর হিসাব দিতে না পেরে ইব্রাহিম নামক এক টমটম চালকের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে আত্মগোপনে যান। পরে তারা ধলিরছড়া পাহাড়ে অবস্থান নিয়ে নিজেদের অপহৃত দাবি করে উল্টো পাটির মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় পাটির মালিক ঈদগাঁও থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করলে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে এবং তদন্ত ভার এসআই আশরাফকে দেওয়া হয়।
এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে ছদ্মবেশে গোপনে অভিযান চালিয়ে ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে ঐ কিশোর ও তার সহযোগীকে উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের নাটক সাজানো এবং মুক্তিপণ দাবি করার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এবিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করবেন, এরপর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাকে জানানো হবে।

