সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী বাজারের প্রধান সড়ক হিসেবে পরিচিত সোনাগাজী মেইন রোডের বেহাল অবস্থা এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে কাদা ও জলাবদ্ধতা, যা চলাচলকে করে তুলছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর।
প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে শিক্ষার্থীদের পোশাক কাদায় মাখামাখি হয়ে যায়, ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
এদিকে, সিএনজি, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। গর্ত ও কাদার কারণে অনেক সময় যানবাহন আটকে পড়ছে বা নিয়ন্ত্রণ হারাচ্ছে চালকরা।
স্থানীয় বাসিন্দারা জানান, হালকা বৃষ্টিপাত হলেই সড়কটি যেন নদীতে পরিণত হয়। এতে করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে।
দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

