কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তসহ জেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক গণমাধ্যমকে জানান ————-++++
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি বিশেষ দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে মোট ৫৬ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা।
অভিযান চলাকালে সীমান্ত এলাকা থেকে আটক হওয়া দুই চোরাকারবারি হলেন— ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোঃ আনোয়ার (২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট পোপালপুর গ্রামের মোঘল হোসেনের ছেলে মোঃ রিপন (২৮)।
কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। তিনি বলেন, “মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

