রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে মাটি ভরাটের অভিযোগে তিনজনকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকার জোড়পুকুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
জরিমানাপ্রাপ্তরা হলেন— চান্দাইকোনার মো. আব্দুল্লাহ আল মামুন (৫০ হাজার টাকা), মো. শরিফুল ইসলাম (৮০ হাজার টাকা) এবং বগুড়ার শেরপুর উপজেলার ররোয়া গ্রামের মো. মোশাররফ হোসেন খান (১ লাখ ৫০ হাজার টাকা)।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি বলেন, “দুই দিনের মধ্যে ভরাটকৃত মাটি সরিয়ে জায়গাটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

