মোঃ সিরাজুল ইসলাম রনি ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীদেরসহ একটি পরিবারের দুইজনকে মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হামলার শিকার পরিবারটি।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার সালমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন তাঁর মাদ্রাসাপড়ুয়া ছেলে মো. নয়ন হাওলাদার, স্বামী মো. মনির হাওলাদার এবং ভাই মো. সাব্বির হোসেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন— কাঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. খালেদ মাহমুদ অন্তরের নেতৃত্বে তাঁর চাচা মহিউদ্দিন ও পিতা হুমায়ুন কবির ২৭ অক্টোবর সকালে সুপারি বাগানে কেন্দ্র করে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মা-ছেলে দু’জনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হামলার সময় ছাত্রদল নেতা খালেদ মাহমুদ অন্তর তাদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন সালমা বেগম।
তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

