গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের খেলায়ারদের উপর পরাজিত পক্ষের খেলোয়াড়দের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছে।এ হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে নওগাঁ জেলার খেলোয়াড়দের আয়োজনে ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় জেলা স্টেডিয়াম মাঠে মানববন্ধনের আয়োজন করা হয়।জেলা ও স্থানীয় বয়স ভিত্তিক বিভিন্ন দলের খেলোয়াড়রা এ মানববন্ধনে অংশ নেয়।১৭ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলার রাণীনগর উপজেলার রেল স্টেশন এলাকার কেল্লাপাড়া ও ডাঙাপাড়ার মাঝপথের ব্রিজ সংলগ্ন এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।মানবন্ধনে বক্তব্য রাখেন,আত্রাই মোল্লা আজাদ কলেজের প্রভাষক শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা দলের ফুটবল খেলোয়াড় সাব্বির,শান্ত,স্বাধীন, সাজু, রায়হান,জিহাদ, সাজেদুর রহমান প্রমুখ।বক্তারা অভিযোগ করেন,নওগাঁ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার ১৬টি কলেজ টিম অংশগ্রহণ করছে,টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় গত সোমবার বিকেলে রাণীনগর উপজেলার সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজ ও আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে।এ খেলায় ৩-০ গোলে সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজ দলকে পরাজিত করে বিজয়ী হয় মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ দল।খেলা শেষে ইজিবাইক (টমটম) যোগে ফেরার পথে রাণীনগর রেল স্টেশন এলাকার ওই স্থানে পৌঁছলে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ দলের খেলোয়াড়দের ওপর হামলা করে সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজের সমর্থকেরা।এ হামলায় অন্তত ১২ জন বিজয়ী দলের কলেজ শিক্ষার্থী খেলোয়াড় আহত হন।আহতদের মধ্যে তানভীরসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।এ সময় তিনটি ইজিবাইক ভাঙচুর করাসহ মোল্লা আজাদ কলেজের খেলোয়াড়দের ১০-১২টি মুঠোফোন ছিনিয়ে নেয় তারা।বক্তারা বলেন,পরাজয়ের ক্ষোভ থেকে সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা, অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে।দলের টিম ম্যানেজার রায়হান সরদার জানান,তার দল বিজয়ী হলে প্রতিপক্ষের খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।এ ক্ষোভের কারনে তারা হামলার স্বীকার হয়েছেন।এ হামলায় অংশ নেয়া প্রায় ৩০ জন খেলোয়াড় শিক্ষার্থীদের হাতে এসএস পাইপ ও রডসহ দেশীয় অস্ত্র ছিল।ওই হামলায় গুরুতর আহত খেলোয়াড় শিক্ষার্থী তানভীর,সিয়াম ও ইলিয়াসকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের প্রিন্সিপাল মোহাম্মাদ সালাউদ্দিন বলেন,খেলায় হারজিত থাকবেই, তাই বলে প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর হামলা করতে হবে এটা কেমন সভ্যতা,কলেজ প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।এদিকে ওই হামলার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মঙ্গলবার সকাল ১১টার দিকে সাজু মৃধা, রিফাত, রাহুল,জিহাদ ও সাজুর নেতৃত্বে শিক্ষার্থী ও মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীগন একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে শেষ হয়।এসময় কলেজের প্রধান ফটকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃনূরে আলম সিদ্দিক বলেন,এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।খেলাধুলা হলো সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক,এমন দুঃখজনক ঘটনা খেলার চেতনাকে আঘাত করে, দ্রুত পরিবেশ শান্ত ও স্বাভাবিক করতে উভয় কলেজের অধ্যক্ষ এবং রাণীনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান করা হবে বলে ভারপ্রাপ্ত ওই উপজেলা নির্বাহী অফিসার জানান।

