দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থী লিপটনের অস্ত্র ভান্ডারের রক্ষক সুজন মাহমুদ (৩৫) কে অস্ত্র মামলায় গ্রেফতার করেছে ইবি থানা পুলিশ। গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুজন মাহমুদের নামে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র মামলা রয়েছে। সে ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় গতকাল দূর্বাচারার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায় সজুন মাহমুদ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। গণ-অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিল। এ সময় তার ফেসবুক আইডি থেকে রাজনৈতিক নেতৃত্ববৃন্দের সাথে ফটোসেশন করা ছবি দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়- সুজন মাহমুদ শীর্ষ চরমপন্থী লিপটনের সেকেন্ড ইন-কমান্ড। সে লিপটনের চরমপন্থী দলের অস্ত্রভান্ডার থেকে শুরু করে সকল অনৈতিক ও সন্ত্রাসী কাজে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবী সুজনকে রিমান্ডে নিলে তার গুরু লিপটনের অস্ত্র ভান্ডারের সমস্ত তথ্য বেরিয়ে আসবে। নাসির ইকবাল পাঞ্জু হত্যার সঙ্গে এই সুজনের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে জানিয়েছে দূর্বাচারাবাসী। গ্রেফতারকৃত সুজন তার ফেইসবুক আইডিতে একে-৪৭ অস্ত্র হাতে নিয়ে ছবি আপলোড করেছেন।
এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন- সজুন মাহমুদের নামে অস্ত্র আইনে মামলা দায়ের হয় এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

