সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। সেই উত্তাপের কেন্দ্রবিন্দু এখন ট্রাক প্রতীকের প্রার্থী মাওলানা আলী আসগর। শনিবার দুপুরে টেটিয়ারচর বাজারে তাঁর নির্বাচনী প্রচারণায় উপচে পড়া মানুষের উপস্থিতি এলাকায় নতুন আলোচনার সৃষ্টি করেছে।
প্রচারণা শুরুর আগেই টেটিয়ারচর বাজারের প্রধান সড়ক, প্রবেশ পথ ও আশপাশের দোকানপাটে ভিড় জমতে থাকে সমর্থকদের। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, মাথায় ট্রাক প্রতীকের ফিতা—সব মিলিয়ে পুরো বাজার এলাকা রূপ নেয় নির্বাচনী উৎসবে।
স্থানীয়দের ভাষায়, “এত ভিড় আগে কখনো দেখা যায়নি।”
প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আলী আসগর বলেন,
“আপনাদের ভালোবাসা আমাকে নতুন শক্তি দিয়েছে। আমি নির্বাচিত হলে ছাতক-দোয়ারার উন্নয়নকে দৃশ্যমান রূপ দেব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক—সব খাতে পরিবর্তন আনাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“ট্রাক প্রতীক মানে কাজ, উন্নয়ন আর গতিশীলতা। এই প্রতীকে জনগণ ভোট দিলে এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে।”
প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ ও প্রবীণরা জানান, আলী আসগর মাঠে নেমেই মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ তৈরি করছেন, তা এই আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনছে। বিশেষ করে টেটিয়ারচর এলাকার মানুষের উপস্থিতি প্রমাণ করছে তাঁর জনপ্রিয়তা বাড়ছে ক্রমশ।
দিনভর প্রচারণায় ট্রাক প্রতীকের স্লোগান, মাইকিং ও সমর্থকদের উচ্ছ্বাসে বাজারজুড়ে ছিল উৎসবের আমেজ। অনেকে নিজেরাই পোস্টার বিলি করেছেন, কেউ আবার স্বেচ্ছায় প্রচারণার মিছিলে যোগ দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
সুনামগঞ্জ-৫ আসনে এবার ভোটযুদ্ধ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর টেটিয়ারচর বাজারে ব্যাপক জনসমাগম আলী আসগরের অবস্থানকে আরও শক্তিশালী করেছে—এমন মত স্থানীয়দের।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই
ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল
সুনামগঞ্জ-৫ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

