ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও সদরের এই র্যালিতে সংহতি প্রকাশ করে অংশ নেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন (পয়গাম আলী), বিএনপি নেতা হান্নান মাহমুদ, যুবদল নেতা জাহিদ এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ খ্রিস্টান সম্প্রদায়ের সাধারণ মানুষ।
আয়োজকরা জানান, এই র্যালি কেবল আনন্দ প্রকাশের জন্য নয়, বরং সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং দেশের শান্তি কামনায় নিবেদিত। তারা বাংলাদেশে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বড়দিনের মূল অনুষ্ঠানটি ২৫ ডিসেম্বর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হবে। দিবসের সকল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

