মোঃ মকবুলার রহমান
ডোমার উপজেলা প্রতিনিধি:
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হঠাৎ করেই থেমে গেল এক মানবিক হৃদয়ের স্পন্দন। ডোমার উপজেলার চিলাহাটি চৌধুরী পাড়া নিবাসী, সবার প্রিয় সমাজসেবক সাজ্জাদ চৌধুরী আর নেই। বুধবার (৩১ ডিসেম্বর) কাজীরহাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে উৎকণ্ঠা আর দুশ্চিন্তার কালো ছায়া। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
সাজ্জাদ চৌধুরী ছিলেন এমন একজন মানুষ, যিনি নীরবে মানুষের পাশে দাঁড়াতেন। অসহায়দের মুখে হাসি ফোটানো, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া, বিপদে মানুষের পাশে ছুটে যাওয়া—এসবই ছিল তার জীবনের ব্রত। তিনি প্রচারের আলো চাননি, চাইতেন শুধু মানুষের দোয়া। আজ সেই দোয়ার মানুষটাই চলে গেলেন, রেখে গেলেন অসংখ্য অশ্রু আর শূন্যতা।
তার আকস্মিক মৃত্যুতে চিলাহাটি, কাজীরহাটসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে। যাকে দেখলে মানুষ ভরসা পেত, যাকে ডাকলেই পাওয়া যেত—আজ তিনি নিথর। প্রতিবেশী, বন্ধু, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর চোখে এখন শুধুই জল আর ভারী হৃদয়ের দীর্ঘশ্বাস।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছে। সবাই একবাক্যে বলেছেন—সাজ্জাদ চৌধুরীর মতো মানুষ খুব কমই জন্মায়, আর তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি—তিনি যেন মরহুম সাজ্জাদ চৌধুরীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

