নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে যাওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাম্মেল হক জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক সকাল সাড়ে সাতটার দিকে ঝলমলিয়া কলাহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ে এবং উল্টে যায়। এতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ১১ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরে নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
আহতদের মধ্যে রায়হান আলী (৪০) পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঝলমলিয়া বাজার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

