শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজার এলাকায় রাস্তার পাশ থেকে এক মুমূর্ষু ও পরিচয়হীন ব্যক্তিকে উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মহিষখলা বাজারের হাই স্কুল রোড এলাকায় পথচারীরা ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় তরুণ সাফায়েত হোসেন রাজু ও আরও কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। তবে তার নাম, পরিচয় কিংবা ঠিকানা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে ওই মুমূর্ষু ব্যক্তিকে মানবিক কারণে মহিষখলার স্থানীয় যুবক সাফায়েত হোসেন রাজু নিজের তত্ত্বাবধানে রেখেছেন।
এ বিষয়ে সাফায়েত হোসেন রাজু বলেন, প্রথমে আমরা পাশ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা করাই। বর্তমানে লোকটি আমার কাছেই আছে এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। তবে তার পায়ে বড় ধরনের একটি সংক্রমণ (ইনফেকশন) রয়েছে, যা খুবই আশঙ্কাজনক। তাকে দ্রুত উন্নত চিকিৎসার আওতায় আনা জরুরি।
এদিকে মানবিক দৃষ্টিকোণ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অথবা উদ্ধারকারী সাফায়েত হোসেন রাজুর সঙ্গে যোগাযোগ করার জন্য।

