মোঃ মামুন খাঁন,বগুড়া প্রতিনিধি
বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে বগুড়ার ঐতিহ্যবাহী বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও আশপাশের এলাকায় জোরদার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে মসজিদ চত্বর, আশপাশের সড়ক, ফুটপাত ও জনসমাগমস্থল পরিষ্কার করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বগুড়ার ধর্মীয় ও সামাজিক জীবনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মরণীয় অবদান। ২০০৪ সালে তিনিই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা পরবর্তীতে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।
স্থানীয় মুসল্লি ও বগুড়াবাসীর মতে, এত বড় ও মর্যাদাপূর্ণ একটি মসজিদ প্রতিষ্ঠার পেছনে তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি। তার ঐকান্তিক আগ্রহ ও উদ্যোগেই বগুড়ায় এমন একটি বৃহৎ কেন্দ্রীয় মসজিদ গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
এদিকে বগুড়াবাসীর দীর্ঘদিনের একটি দাবি হলো— মসজিদটির মূল নকশা অনুযায়ী পরিপূর্ণ রূপ দেওয়া। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদকে তার পরিকল্পিত নকশা অনুযায়ী সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে এবং এটি ধর্মীয় শিক্ষা, দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ডের একটি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
তারেক রহমানের আগমন উপলক্ষে মসজিদ এলাকা ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়ন ও বগুড়ার সার্বিক ধর্মীয় অবকাঠামো নিয়ে ইতিবাচক বার্তা আসবে।

