আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)–এর শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–তে যোগদান করেছেন।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তাঁরা বিএনপিতে যোগ দেন।
এনসিপি থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সাবেক সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা শাখার সমন্বয় কমিটির সদস্য আল্পনা হক ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সাবেক সদস্য ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। এছাড়া জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা বিএনপিতে যোগদান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করেন শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ তাঁর অনুসারী কর্মীরা।
যোগদান অনুষ্ঠানে এনসিপি থেকে আগত নেতাকর্মীরা বলেন, “বাংলাদেশপন্থী রাজনীতির প্রত্যাশায় আমরা দীর্ঘদিন এনসিপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু জামায়াতের সঙ্গে জোট করায় দলটি নীতি থেকে বিচ্যুত হয়েছে বলে আমরা মনে করি। এ কারণে আমরা এনসিপি থেকে পদত্যাগ করে জনাব তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে আস্থা রেখে বিএনপিতে যোগদান করেছি। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করবো।”

