রিয়াদ হাসান (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী তার নির্বাচনী অঙ্গীকার ও রাজনৈতিক দর্শন তুলে ধরেছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমান রাষ্ট্রে চলমান সংকট, জানমালের নিরাপত্তাহীনতা এবং সাধারণ মানুষের ওপর নানা অজুহাতে যে রূঢ় আচরণ করা হচ্ছে, তা বন্ধ হওয়া জরুরি। বিশেষ করে মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তাহেরী হুজুর তার বক্তব্যে রাজনীতির মূল আদর্শ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “রাজনীতিতে প্রতিহিংসা থাকতে পারে না, থাকবে কেবল প্রতিযোগিতা। বিদ্বেষ বা ঘৃণা ছড়িয়ে মানুষের কল্যাণ করা সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন, রাজনীতি হতে হবে সাধারণ মানুষের জন্য, যেখানে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকার সুরক্ষিত থাকবে।
চুনারুঘাট ও মাধবপুর এলাকার খেটে খাওয়া মানুষ এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন: চা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও দুঃখ-কষ্ট লাঘবে তিনি নিরলস কাজ করবেন। তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে তিনি সদা তৎপর থাকবেন। তার কথা ও কাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলে তিনি ভোটারদের আশ্বস্ত করেন।
তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে যাওয়ার এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে, তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তার বক্তব্য শেষ করেন।

