ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের দাড়িপাল্লা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈঠকে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। তিনি দাবি করেন, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা জানান, দাড়িপাল্লা প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। তাঁরা আসন্ন নির্বাচনে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠক শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত মনোনীত এই প্রার্থী এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

