ইফতেখার আহমেদ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পিরোজপুর, আষাঢ়িয়ার চর ও মল্লিকপাড়া এলাকায় পরিচালিত হয়। এ সময় মোট ৩টি স্পটে অভিযান চালানো হয়। স্পট–১ এ সোনারগাঁও ইকোনমিক জোনের গেটের পশ্চিম পাশে (মক্কাফুড সংলগ্ন), পিরোজপুর এলাকায় একটি অবৈধ চুনা কারখানার দুটি চালু ভাট্টি পাওয়া যায়। স্পট–২ এ আষাঢ়িয়ার চর এলাকায় একটি অবৈধ চুনা কারখানার দুটি বন্ধ ভাট্টি এবং স্পট–৩ এ মল্লিকপাড়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার একটি চালু ও একটি বন্ধ ভাট্টি শনাক্ত করা হয়।
অভিযানকালে অবৈধ কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ সময় মল্লিকপাড়া এলাকার চুনা কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি।
তিতাস কর্তৃপক্ষ জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

