আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে এলোপাতাড়ি গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
স্থানীয়রা জানায়, আজ ১২ জানুয়ারি সোমবার রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, ১১ জানুয়ারি রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায়। চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পারাপার করছিলো। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়।
বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ এখনও করেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি। এবিষয়ে বিএসএফকে জানানো হলেও তারা এখনও উত্তর দেয়নি।

