তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর):
গণতন্ত্র রক্ষার তৃতীয় ভিত্তি বা স্তম্ভ হচ্ছে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা—এ মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন কিংবা কোনো এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সর্বপ্রথম সাংবাদিকতা পেশাকে স্বাধীন ও মুক্ত করতে হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব দিনাজপুর-৬ আসনের নির্বাচনি এলাকা হিলি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ উপস্থিত হলে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় হিলি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য তৌহিদুল ইসলাম শামিম। পরে প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী স্বাগত বক্তব্য রাখেন।
মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা হিলি স্থলবন্দরসহ চার উপজেলার সার্বিক উন্নয়ন ও হিলি প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। জবাবে শাহনেওয়াজ শুভ বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমেই সাংবাদিকতার পথে কোথায় কোথায় বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেব।”
তিনি আরও বলেন, “দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হওয়া সত্ত্বেও হিলি স্থলবন্দরের সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা। রাস্তা উন্নয়নে একটি সিন্ডিকেট কাজ করছে। একইভাবে চিকিৎসা খাতেও সিন্ডিকেট রয়েছে। এসব সমস্যা এককভাবে সমাধান সম্ভব নয়—এ জন্য এলাকার মানুষ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।”
রেল যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “হিলিতে ব্রিটিশ আমলের রেলস্টেশন থাকলেও এখানে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। আপনাদের সঙ্গে নিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।”
স্বাস্থ্যসেবা নিয়ে তিনি অভিযোগ করে বলেন, “সরকারি হাসপাতালে পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও স্থানীয় মানুষকে পাশের ক্লিনিকে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে সিজার বা অপারেশন করতে হচ্ছে। এর পেছনেও একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, যা ভেঙে ফেলতে হবে।”
কৃষিভিত্তিক অর্থনীতি প্রসঙ্গে শাহনেওয়াজ শুভ বলেন, “উত্তরাঞ্চল কৃষিনির্ভর এলাকা। এখানে আলু, টমেটো, শাকসবজি ও লিচু প্রচুর উৎপাদন হয়। এসব পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।”
হিলি প্রেসক্লাব সম্পর্কে তিনি বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ইনশাআল্লাহ প্রেসক্লাবের জন্য একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণ করে দেব। আর নির্বাচিত না হলেও আপনাদের পাশে থাকব এবং এলাকার মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, প্রচার সম্পাদক মো. বকুল হোসেন, সদস্য আরমান আলী, কৌশিক চৌধুরী,তৌহিদুল ইসলাম শামিম, সাদ্দাম হোসেন নয়ন, আব্দুর রশিদসহ অন্যান্য সাংবাদিকরা।

