মজিদ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দাসপাড়া গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার পর নিখোঁজ গৃহবধূ লিপি রাণী পাল (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার স্বামীর বাড়ির পেছনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। লিপি রাণী পাল ওই গ্রামের জয়দেবের স্ত্রী এবং মাত্র ১৭ দিন বয়সী এক কন্যা সন্তানের জননী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লিপি রাণী নিখোঁজ হওয়ার পর শুক্রবার সকালে তার মরদেহ পুকুরে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হলেও মরদেহ গ্রহণ ও সৎকার নিয়ে উভয় পক্ষের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও স্থানীয় হিতাকাঙ্ক্ষীদের হস্তক্ষেপে উভয় পক্ষের সমঝোতায় আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্মশানে মরদেহ সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার বিকেলেই দুই পক্ষের উপস্থিতিতে সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ইতিমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, লিপি রাণীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, ঘটনার সাথে জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা দ্রুত বিচার প্রার্থনা করছেন।

