ফখরুদ্দিন হৃদয়, শৈলকূপা:
ঝিনাইদহের শৈলকুপায় অর্তকিত হামলার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার ২৬ জানুয়ারি দুপুরে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। এসময় তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মোক্তার হোসেন, মশিয়ার রহমান, রিজিয়া খাতুন, আকলিমা খাতুন, উর্মি খাতুনসহ আহতের পরিবারের লোকজন বক্তব্য রাখেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
প্রসঙ্গত, উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে দীর্ঘদিন ধরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গত ১৯ জানুয়ারি সকালে আবু জাহিদ চৌধুরীর সমর্থকরা আবুল হোসেনের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আবুল হোসেনের সমর্থক জাহিদ, ফদিয়ার মেম্বার, আহম্মদ ও সোহেলসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানান বক্তারা।

