সুমন আলম: বগুড়ার ধুনটে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ অভিযোগ ছামিদুল হাসান (১৬) নামে এক বখাটের বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারী) সকালে ওই শিশুর বাবা বাদি হয়ে ছামিদুল হাসানের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ছামিদুল হাসান উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামের সুবেল প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছামিদুল হাসানের প্রতিবেশী ওই শিশুটিকে ২৭ জানুয়ারী আনুমানিক বিকেল ৫টার দিকে বরই খাওয়ানোর কথা বলে কৌশলে বাড়ির পাশে কলা বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে। অবস্থা বেগতিক দেখে ছামিদুল হাসান কলা বাগানের ভেতর শিশুটিকে ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান । চিকিৎসা চলাকালীন শিশুটির অবস্থার অবণতি হলে তাকে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এই বিষয়ে কথা বলতে গেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, এবং বলেন মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

