বিপ্লব পোদ্দার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মদ মামুনুল হক বলেছেন, জুলাই যোদ্ধায় শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে ও আহতদের ভবিষ্যত চিন্তা করে গণভোটে হ্যাঁ ভোট দিন।
পাশাপাশি জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ আসনের ১১ দলীয় ঐক্যজোটের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী মাওলানা মিজানুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। রিকশা জিতলে জিতবে জনতা। রিকশা জিতলে দুর হবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রতিষ্ঠিত হবে ইসলামী আইনের শাসন।
তিনি এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ব্যালট বাক্স ছিনতাই বা জনগণের রায়ের পরিবর্তনের চেষ্টা করলে পরিনত হবে ভয়াবহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় এসব কথা বলেন আল্লামা মামুনুল হক। এসময় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতিকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপস্থিত জনসভায় অংশ নেয়া হাজার হাজার জনতার সামনে পরিচয় করিয়ে দেন।
জনসভায় ভাঙ্গাসহ আশপাশের কয়েকটি থানা থেকে আগত হাজারো মানুষের ঢল নামে। প্লে কার্ড, ব্যানার হাতে রিকশার শ্লোগান দিয়ে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি )যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ ও অ্যাডভোকেট শাকিল আহমেদ, ফরিদপুর ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর ১ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হামজালা, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, পৌর শাখার সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিতু মুন্সি, সদরপুর শাখার সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান ফরিদী প্রমুখ।

