নীলফামারী প্রতিনিধি :
দীর্ঘ ২২ বছর ৭ মাস পর দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল তিনি নীলফামারী শহরের ঐতিহ্যবাহী বড় মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দেবেন। এই সফরকে ঘিরে জেলা জুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে বড় মাঠ ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও দলীয় পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগম নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি নীলফামারীর রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। জনসভায় উত্তরাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি, দেশের চলমান সংকট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ আন্দোলনের দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

