মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি: আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঝালকাঠি জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও টিসিবি’র ডিলার ও জেলা মনিটরিং কমিটির সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পণ্যের সঠিক বিতরণ, নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিতকরণ এবং সার্বিক মনিটরিং জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে রমজান মাসে ভোক্তারা স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।

