স্টাফ রিপোর্টার্স : মোঃ মাহাবুল ইসলাম মুন্না ১৭ ফেব্রুয়ারি ২০২৬: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রাজশাহীর প্রবীণ রাজনৈতিক নেতা মিজানুর রহমান মিনু। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, নবগঠিত মন্ত্রিসভায় মিজানুর রহমান মিনুকে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
মিজানুর রহমান মিনু রাজশাহীর রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি অতীতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার কারণে মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে মিজানুর রহমান মিনুকে ভূমিমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ায় রাজশাহীবাসীর পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে রাজশাহীর জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

