নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন শাহিদুল ইসলাম কুটি (৫৯) ও তার স্ত্রী আবেদা (৪০)। তারা উভয়েই শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও ভিকটিম সূত্রে জানা গেছে, এর আগে ঘটে যাওয়া একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে শাহিদুল ইসলামের পরিবারের সাথে একই গ্রামের শাহাজান ও তার ছেলে সাগরের বিরোধ চলছিল। আজ সকালে ঘোপ সেন্ট্রাল রোডের পূর্ব পাশে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিবাদী সাগর (৩৫) ও তার পিতা শাহাজান (৬৫) কাঠের লাঠি দিয়ে শাহিদুল ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন।
হামলার পর পরিবারের সদস্যরা আহত দম্পতিকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালের নির্ধারিত ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

